সাইফুর রহমান সবুজঃ
মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকাণ্ডের ঘটনার ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সাগর হোসেনকে (২৩) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানায়, হত্যাকাণ্ডের পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার জানান, ঘটনার রাতে উভয়ের মধ্যে বিরোধ ও কথা-কাটাকাটি হয়। পূর্ব শত্রুতার জেড়ে সাগর হোসেন লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করে।
জাবীর হুসনাইন সানীব বলেন, আসামি সাগর হোসেন পুলিশের কাছে স্বীকার করেছে উনি মনজিল শেখের হত্যার সাথে জড়িত এবং আসামি সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। ভারতে যাওয়ার পূর্বেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।নিহত মনজিল শেখের মেয়ে মুক্তা হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে,গত শনিবার রাতে হত্যাকাণ্ডের পর পালিয়ে যান সাগর। রোববার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে। অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আব্দুল জব্বরের ছেলে।
নিহত মনজিল শেখ ও অভিযুক্ত সাগর হোসেন দুজনেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির ইয়াকুব প্রধানের এমএসপি এগ্রো নামের গরুর খামারের কর্মরত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে সোমবার(৩০ মার্চ) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদ সম্মেলনে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার, তদন্ত কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দীন ও এসআই জীবন উপস্থিত ছিলেন।