নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর ৫ (২) এবং ৮ (৩) ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স নাজির আহম্মেদ ব্রিক ফিল্ড, মেসার্স মতিন মনোয়ারা ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস প্রতিটিকে আড়াই লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযান প্রসঙ্গে মেসার্স সরকার ব্রিকসের মালিক একেএম শরীফ উল্ল্যাহ সরকার জানান, পরিবেশের অনুমোদনের জন্য তিনি আবেদন জমা দিয়েছেন। কিন্তু সেটি এখনও পাননি।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হান্নান বলেন, ‘আজ আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ভাটায় অভিযান পরিচালনা করেছি। এ সময় ১০ লাখ টাকা জরিমানা করেছি। অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।