নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে আসার পথে নিজ দলের প্রতিপক্ষের গুলিতে মায়া চৌধুরীর কর্মী মোবারক হোসেন বাবু (৪৮) নিহত হয়েছেন। নিহত বাবু মোহনপুর ইউনিয়ন যুবলীগের কর্মী।
এছাড়া গুলিবিদ্ধ জহির (২০) ও ইমন (১৮) নামের আরো ২জনকে ঢাকা রেফার করা হয়েছে। আহত জহির (৩২) ও বিলকিছ (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হতাহত সবাই মায়া চৌধুরীর সমর্থক।
এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মুসা স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মী। শনিবার বেলা ৩টার দিকে বাহাদুরপুর চরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আমির হোসেন কালু বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মীরা মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে বাঁধা প্রদান করে ও প্রকাশ্যে গুলি চালায়। কাজী মিজান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রুপের নেতা।