নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২ নম্বর বাগানবাড়ি ইউনিয়নে জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরানের উদ্যোগে এ সংস্কারকাজে আর্থিক সহযোগিতা করা হচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ মৌটুফি এলাকার শেষ সীমানায় আমিনুল ইসলাম কন্ট্রাক্টরের বাড়ি থেকে আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কারকাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেহেদী হাসান নাজির, বাগানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরান, বরুরকান্দির বিশিষ্ট সমাজসেবক রেফায়েতুল্লাহ, খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংস্কারকাজ চলাকালে নেতৃবৃন্দ সড়কের বর্তমান অবস্থা ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সড়ক সংস্কারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এদিকে সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী জানায়, আগে সড়কটির বেহাল অবস্থার কারণে বিদ্যালয়ে যাতায়াত করতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হতো। চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হতো। বর্তমানে সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।