বিএনপি যেখানেই নাশকতা করার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ করা হবে
———মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপিও তাদের দোসররা রাজপথে আগুনসন্ত্রাস, জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি ও তাদের দোসর স্বাধীনতা বিরোধী শক্তি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তাই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সর্তক অবস্থায় থাকতে হবে। তারা যেখানেই নাশকতা করার চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, বিএনপি যতই জ্বালাও পোড়াও রাজনীতি ও আন্দোলন শুরু করুক না কেন আওয়ামী লীগ তাদের দাতভাঙ্গা জবাব দিয়ে আবারও ক্ষমতায় আসবে। টানা চতুর্থবার শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তবে বিএনপি যদি সকল আন্দোলন বন্ধ করে নিঃশ্বর্ত ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের স্বাগত জানানো হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপ—মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন’সহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।