মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষনার্থীদের সম্মানী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুলার ইয়ং পিপল অফ বাংলাদেশ’ সংক্ষেপে টেকাব, শীর্ষক কারিগরি সহায়তায় মতলব দক্ষিণ উপজেলায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ৪৪ দিনব্যাপী ৪০ জন প্রশিক্ষনার্থী কে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার বেকার বিশ জন তরুণ বিশ জন তরুণীরা অংশগ্রহণ করে।
যুব উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, ৪৪ দিনব্যাপী চলা কম্পিউটার প্রশিক্ষণের জন্য প্রতি প্রশিক্ষনার্থীর জন্য যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা এবং নাস্তার জন্য ১০০ টাকা সহ মোট ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই হিসেবে প্রত্যেক প্রশিক্ষনার্থীর অনুকূলে নাস্তার টাকার থেকে পনেরো শতাংশ ভ্যাট কর্তন করার পর মোট ১২,৫৪০ টাকা পাওয়ার কথা থাকলেও কোনো প্রশিক্ষনার্থী নির্ধারিত টাকা পাননি বলে জানা যায়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী একাধিক বেকার তরুণ তরুণীদের সাথে আলাপ করে জানা যায়, প্রশিক্ষণ শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ তাদের কাউকে নয় হাজার নয়শত টাকা থেকে শুরু করে ৭-৮ হাজার টাকা প্রদান করেন। এতে তিনি প্রশিক্ষনার্থীদের সম্মানী ভাতার বিশাল অংকের টাকা নিজেই আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন প্রশিক্ষনার্থীরা। এ ছাড়াও ভ্রাম্যমান গাড়ি ব্যবহার না করে জালালি তেলের লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। তারা আরো বলেন ভ্রাম্যমান গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও যুব উন্নয়ন কর্মকর্তা তা করেনি গাড়ীটি নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনেই ৪৪ দিন দাঁড়িয়ে ছিল ।
কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারী বেকার তরুন তরুনীদের সম্মানী ভাতা কম দেওয়ার বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি, তথ্য অধিকার ফরমে আবেদন করার কথা বলেন ।