নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় আয়োজিত এ মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী।
সোমবার (২ নভেম্বর) বাদ আসর এম ইলিয়াছ আলীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত মুসল্লি, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের প্রত্যাশা পূরণে একজন জনপ্রতিনিধির সততা, আন্তরিকতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের সব এলাকায় সুষম উন্নয়ন ও সুযোগ-সুবিধার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কাজ করবেন। কোনো এলাকা যেন উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এম ইলিয়াছ আলী