শুধু বক্তব্য নয়, নিরাপদ সড়ক বাস্তবায়নে সবাইকে সচেতন হতে হবে
—– জেলা প্রশাসক কামরুল হাসান
মোঃ মুছা তপদারঃ
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় এক র্যালী বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ এর সহকারি পরিচালক মোঃ আফজাল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, শুধু বক্তব্য নয়, নিরাপদ সড়ক বাস্তবায়নে সবাইকে সচেতন হতে হবে। প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটছে। সড়কটাকে বাসযোগ্য করতে হবে। আমাদের সচেতনতার জায়গাটাকে আরো মজবুত করতে হবে। কারণ আমাদের সচেতনতার জায়গাটা অনেক নিচু স্থানে চলে এসেছে। গ্রিল লাগিয়ে বা নিয়ম করে কিছুই হবে না, আমাদের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করে তুলতে হবে। তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের সদস্য, স্থানীয় মাইক্রোবাস, ট্রাক, বাস ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ফরহাদ আলম।