আসন্ন ঈদ-উল-আজহা যথাযথভাবে উদযাপনের নিমিত্ত গতকাল ১৫ জুন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান। সভায় কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), এনএসআই উপপরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ। সভায় ঈদ-উল-আজহার নামাজের জামাত, পশুর হাট ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, গণপরিবহনে ভাড়া এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।