বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পরে চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে। যার ফলে দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে অপেক্ষমান থাকায় শত শত যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়। পরবর্তীতে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকাল পৌঁনে ৪টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এসে দুপুর প্রায় ১২টার দিকে চাঁদপুর স্টেশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনের ইঞ্জিন চালু অবস্থায় হঠাৎ বিকল হয়ে যায়। দীর্ঘ সময় চালক ইঞ্জিনটি চালু করতে না পারায় বিকল্প হিসেবে লাকসাম রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা নিয়ে অপর একটি ইঞ্জিন চাঁদপুর এনে নির্ধারিত সময়ের ১ ঘন্টা ১৫ মিনিট বিলম্বে অর্থাৎ বেলা আড়াইটার পরিবর্তে বিকাল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে যায়।
চাঁদপুর স্টেশন মাস্টার সওয়াইবুল শিকদার রেলওয়ের ইঞ্জিন বিকলের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন। তিনি বলেন, সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনটি বিকেলে লাকসাম থেকে আসা ইঞ্জিনসহ মুল ট্রেনের সাথে নিয়ে যায়। লাকসামে বিকল হওয়া ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করা হবে। সেখানে না হলে চট্টগ্রাম পাঠানো হবে।
উল্লেখ্য, সাগরিকা মেইল এক্সপ্রেস ট্রেনটি এখন বেসরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম-চাঁদপুর এর মধ্যে চলাচল করছে।