নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও মানসিক বিকাশের দিকে নজর দিন। সন্তানদের শিক্ষিত করে তোলতে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশির ভাগ সময়টা শিশুরা মায়েদের কাছেই থাকে। শিক্ষকদেরও অনুরোধ করব, শিক্ষার্থীদের স্নেহ ও যত্নের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আসুন, আমরা সবাই মিলে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করি এবং একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করি।
আজ বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার ৭৬নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা ভালো ফলাফলের মাধ্যমে পুরস্কার অর্জন করেছ, তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াও জীবনের অন্যতম লক্ষ্য। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও সততা তোমাদের সফলতার পথে এগিয়ে নেবে।
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেন। আরো বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনির আহমেদ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।