চাঁদপুরের অন্যতম জনপ্রিয় ও ব্যতিক্রমী সামাজিক সংগঠন ‘তারুণ্যের অগ্রদূত’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বা ‘ভালোবাসার উপঢৌকন’ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের আক্কাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির ধারাবাহিক সামাজিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এটি ছিল তাদের ১২তম আয়োজন। এবারের কার্যক্রমে শহরের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের হাতে ঈদের আনন্দ ভাগ করে নিতে উন্নতমানের ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হয় সংগঠনের একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবীর সমন্বিত প্রচেষ্টায়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি ও উৎসাহ প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আরমান চৌধুরী রবিন এবং প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক অংগন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ-সভাপতি রানা দাস, কোষাধ্যক্ষ অমিত ঘোষ এবং সাবেক সভাপতি ফাহিম আল ইসলামসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই ‘তারুণ্যের অগ্রদূত’-এর মূল লক্ষ্য। বিগত ১১টি আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও তারা সফলভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
উপকারভোগী পরিবারগুলো এই সংকটময় সময়ে ঈদ সামগ্রী পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






