নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্তসহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ অক্টোবর (শুক্রবার) চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার সরাসরি তত্ত্বাবধানে থানার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল কার্যক্রম চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মতলব উত্তর থানার কলাকান্দা ইউনিয়নের বাহেরচর পাঁচআনি গ্রামের মোঃ শুক্কুর আলী (৩৮) এবং মোহনপুর ইউনিয়নের আইঠাদি গ্রামের মোঃ মহিউদ্দিনের (৪০) কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া উত্তর হলদিয়া এলাকার মোঃ শাকিল বেপারী ওরফে কালু (২৭) এবং আমিনপুর এলাকার মোঃ ফারুক হোসেন স্বপনের (৫১) কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও জিআর সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন নারী আসামি রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।