মোঃ মুছা তপদারঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আর প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই, তবে যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করে বা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার নিয়ে আমরা ইতিমধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা এবং কিভাবে তা আমরা মোকাবেলা করেছি সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যেন আমাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সারাদেশে সঠিকভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে যদি কোন ভুল থাকে তাও সুদরে নেয়ার চেষ্টা করা হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পরীক্ষার যেসব নিয়মকানুন রয়েছে তার কোথাও যেন কোন ব্যত্যয় না ঘটে। এক্ষেত্রে যদি কোন শিক্ষকের কোথাও কোন সম্পৃক্ততা থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সাংবাদিক, অভিভাবক ও সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।