চাঁদপুর শহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কথিত শীর্ষ মাদক কারবারি বাঘ শাহজাহানসহ দুই নারীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারের সামনে অবস্থিত একটি চারতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জামতলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে বাঘ শাহজাহান এবং হাসনা ও মিথিলা নামে দুই নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। পরে ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ফ্ল্যাটটি মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহৃত হওয়ার তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।