সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজারের রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকতে এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে সচেতন করা হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
প্রচারণাকালে জেলেদের নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিয়ে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সহযোগিতা করার অনুরোধ জানান সংগঠনের সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে উপকূলীয় এলাকার দুই শতাধিক জেলের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
‘ক্লিন চাঁদপুর’-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “সরকারের নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছি। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞার সময়ে সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। এরপরও তাঁদের পাশে দাঁড়াতে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি, যাতে তা জেলেদের কিছুটা হলেও কাজে আসে।”
উল্লেখ্য, ‘ক্লিন চাঁদপুর’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ, সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক সংস্কারসহ বিভিন্ন দুর্যোগে সরকারি উদ্যোগের পাশাপাশি সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করে আসছেন।