নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তরের আমিরাবাদ মৎস্য আড়ত তল্লাশি করে ৪ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ মার্চ) আনুমানিক ভোর রাত ৩ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের আড়ৎ তল্লাশি করে মোট ৪৫০০ কেজি (১১২.৫ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ২৫ টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।