চাঁদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুর কালেক্টরেট স্কুল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মেয়েদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।
কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, কালেক্টরেট স্কুলের উপাধ্যক্ষ বেগম আমাতুল নাজমীনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।