নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ১৬ নভেম্বর বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা সংঘের অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা থেকে ২জন করে ৮টি উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬ জন অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সততা প্রোমট করার নিমিত্তে ৩ বছর মেয়াদী বৃত্তির অর্থ প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলঃ চাঁদপুর সদর উপজেলার লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও মৈশাদী উচ্চ বিদ্যালয়, মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয় ও নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ্জালাল উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী আর.এ. উচ্চ বিদ্যালয় ও বাশারা উচ্চ বিদ্যালয়, হাইমচর উপজেলার বাজাপ্তি রমনীমোহন উচ্চ বিদ্যালয় ও গণ্ডামারা উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ ও মেহার উচ্চ বিদ্যালয়, কচুয়া উপজেলার আকানিয়া নাসিরপুর উচ্চ বিদ্যালয় ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় এবং হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় ও মৈশাইদ পল্লী মঙ্গল এ.জি উচ্চ বিদ্যালয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, জনাব জালাল উদ্দিন আহাম্মদ, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুর ও জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর। এছাড়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।