শিরোনাম:
ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন

reporter / ২২ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬


মোঃ জাহিদুল ইসলাম ফাহিম  :


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একের পর এক চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫ থেকে ২০টির বেশি চুরির ঘটনা ঘটেছে। বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেল, অটোরিকশা, গবাদিপশু ও হাঁস-মুরগি চুরির পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাগুলোর পর থানায় একাধিক লিখিত অভিযোগ ও মামলা দায়ের হলেও এখন পর্যন্ত অধিকাংশ ঘটনায় অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের নেছার পাটওয়ারীর ছেলে মো. সোহাগ পাটওয়ারীর বাড়ির সামনে থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল চুরি হয়। এর আগের দিন বুধবার (২২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পশ্চিম রূপসা গ্রামের সৌরভ আলীর ছেলে মো. স্বপনের জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাতে কালির বাজারের ওষুধ ব্যবসায়ী মো. ফরহাদ হোসেনের দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে যায় চোরেরা। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাশিয়ালী গ্রামে প্রবাসফেরত আব্দুস সাত্তারের বাড়িতেও সংঘটিত হয় বড় ধরনের চুরির ঘটনা।
ভুক্তভোগী আব্দুস সাত্তার জানান, প্রবাস থেকে দেশে ফেরার তিন দিনের মাথায় পরিবার নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
চুরির শিকার হয়েছেন জনপ্রতিনিধিরাও। গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁর ব্যবহৃত প্রায় দুই লাখ টাকা মূল্যের আইফোন ১৬ প্রো ম্যাক্স চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও ফোনটি এখনও উদ্ধার হয়নি।


গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ জানান, তাঁদের ইউনিয়নেও গত এক সপ্তাহে একাধিক চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
দক্ষিণ শাশিয়ালী গ্রামের বাসিন্দা রিপন মজুমদার, নান্নু দেওয়ান ও মিলন জানান, গ্রামে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। বসতবাড়ির মূল্যবান মালামালের পাশাপাশি গরু-ছাগল, হাঁস-মুরগিও চুরি হচ্ছে। রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “চুরির ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের দাবি, চুরি রোধে রাত্রীকালীন টহল জোরদার, সন্দেহভাজন চোর চক্রকে দ্রুত শনাক্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


এই বিভাগের আরও খবর